বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল প্রায় পাঁচটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু সোহাগী ওই গ্রামের কৃষক মো. সোহেল মণ্ডলের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মণ্ডল পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে হালচাষ করেন। ঘটনার দিন বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যান। এ সময় বাবার সঙ্গে যাওয়ার জন্য বায়না করলে তিনি মেয়ে সোহাগীকেও সঙ্গে নিয়ে মাঠে যান। মাঠে পৌঁছানোর পর সোহেল মণ্ডল যখন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ শুরু করেন, তখন শিশুটিকে ক্ষেতের আইলে বসিয়ে রাখা হয়।
হালচাষের একপর্যায়ে হঠাৎ ক্ষেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে শিশুটি ভয় পেয়ে যায়। আতঙ্কে সে দৌড়ে বাবার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কাছে পৌঁছানোর আগেই সে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার শরীর ক্ষতবিক্ষত হয়ে মারা যায় সে।
মাত্র তিন বছরের শিশুর এমন করুণ ও আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নিহত শিশুর পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিবেশীরা ভিড় জমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪