নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর পোরশা উপজেলার এক মামলার তদন্তে অনিয়ম, গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ অভিযোগ এনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিতপুর ইউনিয়নের বাসিন্দা জসিমুদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জসিমুদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তারা তার রোপিত ধান জোর করে কর্তন করলে তিনি আদালতের মাধ্যমে ধান চুরির অভিযোগে পোরশা থানায় মামলা (নং–১২৪/২৫) দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনার আলী (বি.পি. নং ৮৮১৪১৬৭১১৮) তদন্তে গাফিলতি করছেন এবং মামলার প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশে তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করছেন।
জসিমুদ্দিন দাবি করেন, মামলায় ৭৮ বস্তা ধান উদ্ধার করার কথা থাকলেও ‘বিভিন্ন খরচ’ দেখিয়ে তদন্ত কর্মকর্তা মাত্র ৩৫ বস্তা ধান জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও উদ্ধারকৃত ধান বিক্রি করে টাকা আদালতে জমা দেওয়া হয়নি, যার ফলে মামলার অগ্রগতি ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় বিজ্ঞ আদালত তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন। আদালত আরও জানতে চেয়েছেন, কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও বেতন বন্ধের নির্দেশ দেওয়া হবে না। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২৫।
সংবাদ সম্মেলনে জসিমুদ্দিন বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আইনগত পথে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু তদন্ত কর্মকর্তার অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের কারণে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।”
তিনি মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আমি ৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আদালতের নির্ধারিত তারিখের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মামলাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪