নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে প্রটোকল ভঙ্গের অভিযোগে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। বদলির নির্দেশ পাওয়ার পরপরই মঙ্গলবার রাতে রাজশাহী ছাড়েন এই কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুর ও পরবর্তীতে রাজশাহীতে যান প্রধানমন্ত্রী। রাজশাহী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও হাত মেলান প্রধানমন্ত্রী।
এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর নির্ধারিত প্রটোকল ভেঙে অতিরিক্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই প্রটোকল লঙ্ঘনের পরপরই তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
রাজশাহীর সফরসূচি শেষ করে ওই রাতেই সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এদিকে স্ট্যান্ড রিলিজের আদেশ জারির পর কালবিলম্ব না করে রাতেই রাজশাহী ত্যাগ করেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪