মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলোচিত লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি মো. জেলহজ আলী (৩০) কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া, র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র্যাব-৪, সিপিএসসি’র যৌথ অভিযানে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর থানার পশ্চিম কোমরনই এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জেলহজ আলী বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার ডিম শহর এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে অবস্থিত তৌফিক এলাহী সুজনের লোটো শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে শোরুম বন্ধ করার সময় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি হায়েস মাইক্রোবাসে তুলে নেয়। পরে বগুড়ার আদমদীঘি থানার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ এলাকায় একটি পুকুরের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সাবিনাজ খাতুন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মামলার গুরুত্বপূর্ণ সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪