মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের রাজা বাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করেছে সেনাবাহিনী ।
সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট আল ফাহাদ।
অভিযানে জাহাঙ্গীর স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে ২ হাজার ৬০০ কেজি বা প্রায় আড়াই টন মসলা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। জব্দকৃত মসলাগুলোর মধ্যে রয়েছে জিরা, সাদা ও কালো এলাচ, দারুচিনি, তকমা এবং কিসমিস—সবই মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠান জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “দীর্ঘদিন ধরে এসব মসলা গুদামে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। মেয়াদোত্তীর্ণ এসব পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে আমরা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”
উদ্ধারকৃত মসলা জনসম্মুখে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪