মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সীরাতে মুস্তাক্বীম পরিষদ, বগুড়ার উদ্যোগে মহাস্থান মাজারকে ঘিরে মেলা চলাকালীন মাদক, জুয়া, ও পতিতাবৃত্তির মতো অনৈতিক কার্যক্রম বন্ধ এবং পবিত্রতার সংরক্ষণের দাবিতে সোমবার বাদ আসর এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি মহাস্থান মাজার গেট থেকে শুরু হয়ে মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রি কলেজ অতিক্রম করে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে পুনরায় মাজার গেটে এসে শেষ হয়। সমাপনী স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মহাস্থানগড় তথা শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারকে ঘিরে বর্তমানে যে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য নয় বরং গোটা সমাজের জন্যই মারাত্মক ক্ষতিকর।
সমাবেশে বক্তাদের বক্তব্যে উঠে আসে যে:
শাহ সুলতান বলখী (রহ.) ১৪শ শতকে ইসলাম প্রচারের লক্ষ্যে বলখ প্রদেশ (বর্তমান আফগানিস্তান) থেকে আগমন করেন। তিনি কোন বাণিজ্যিক স্বার্থ বা ক্ষমতার মোহে নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উপমহাদেশের পুণ্ড্রবর্ধন নগরে আগমন করেন এবং এখানকার অত্যাচারী রাজা পরশুরামকে পরাজিত করে ইসলামের আলো ছড়িয়ে দেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, আজ তাঁরই মাজারকে ঘিরে সমাজের এক শ্রেণির লোক মাদকের আস্তানা, জুয়ার ঠেক ও দেহব্যবসার কেন্দ্র গড়ে তুলেছে, যা পবিত্র এই স্থানের অপমান এবং ইসলামী মূল্যবোধের চরম অবমাননা।
বক্তারা আরো বলেন, প্রশাসন প্রতি বছর কেবল আশ্বাস দিয়েই দায় সারে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে না। এবার জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়—যাতে এই অপবিত্র কর্মকাণ্ড চিরতরে বন্ধ হয় এবং প্রশাসন দায়বদ্ধতা নিয়ে এর প্রতিকার করে।
আগামী বুধবার বাদ জোহর এক বৃহৎ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সকল ধর্মপ্রাণ নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মুফতি মোশাররফ হোসেনের নেতৃত্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয় এবং মাজারের আশেপাশের দোকানি ও আগত জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪