মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় দুই মহল্লার মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের পশ্চিম নারুলী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মান্তা পট্টির মিরাজের ছেলে মো. রবিন (২৫), মো. পিচ্চি মিয়া (২২) এবং পশ্চিম নারুলীর মৃত জাবুল প্রামানিকের ছেলে মো. আশরাফ (২৮)। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চেলোপাড়ার মান্তা পট্টি এলাকার এক যুবক বুধবার পশ্চিম নারুলীর একটি দোকানে গিয়ে দোকানদারের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় দোকানদার তাকে চড় মারেন। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে মান্তা পট্টির কয়েকজন যুবক পশ্চিম নারুলীতে হামলা চালায়। এতে রবিন ছুরিকাহত হন। খবর পেয়ে তার ভাই পিচ্চি মিয়া ৬-৭টি মোটরসাইকেলে অস্ত্র সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের পিচ্চি মিয়া ও আশরাফুলও আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে মান্তা পট্টির লোকজন বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে চারটি বাড়ির ২০টি কক্ষ ভস্মীভূত হয় এবং একটি পিকআপ ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংস্থাটির সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন,
“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাশের খাল থেকে পানি এনে আগুন নেভানোর কাজ শুরু করি। আগুনে চারটি বাড়ির ২০টি কক্ষ পুড়ে গেছে। কোনো প্রাণহানি ঘটেনি, তবে কিছু গৃহস্থালি সামগ্রী ও ছাগল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।”
সদর থানার ওসি হাসান বাসির জানান, “বেলা সাড়ে তিনটার দিকে মান্তা পট্টির কিছু যুবক দেশীয় অস্ত্র নিয়ে অগ্নিসংযোগ করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪