নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সাঁটানোকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। সে অনুযায়ী বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান শিক্ষিকার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ফোনে চিঠি নিতে বলেছিলেন, কিন্তু বরখাস্তের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। পরে মিডিয়ার মাধ্যমে জানতে পারি।
অন্যদিকে, শিক্ষিকা শামীমা ইয়াছমিন দাবি করেন, আমি একজন মুক্তিযোদ্ধার কন্যা। মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর ছবি টানানো ছিল শ্রদ্ধা জানানোর অংশ, এটা কোনো অন্যায় নয়।
ঘটনাটি ঘিরে এলাকায় এবং সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ওই প্রধান শিক্ষিকাকে বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন করলেও, অনেকেই এটিকে স্বাধীন মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রভাব বলেও মন্তব্য করছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪