
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসস্তূপ থেকে একটি ইট সংগ্রহ করতে এসে ১৪ বছর বয়সী নির্জন আমিন নামের এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘সেখানে অনেক ধরনের মানুষ আসা-যাওয়া করছে। পরিস্থিতি বিবেচনায় আমরা ছেলেটিকে হেফাজতে নিয়েছি, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোর বিভিন্ন স্থান থেকে নানা ধরনের বস্তু সংগ্রহ করার শখে ভর করে। এসি তারিকুজ্জামান বলেন, ‘সে নিজেকে কালেক্টর বলে জানিয়েছে। ময়নামতি, সোনারগাঁওসহ বিভিন্ন জায়গা থেকে কিছু জিনিস সংগ্রহ করেছে। এমনকি জুলাই সনদের কপিও তার কাছে রয়েছে। আজ সে ৩২ নম্বর থেকে একটি ইট নিতে এসেছিল কালেকশনের অংশ হিসেবে।’
পুলিশ জানায়, কিশোরের কাছে একটি ইট পাওয়া গেছে। তবে তার আচরণ বা কথাবার্তায় অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি।

অভিভাবকদের খবর দেওয়া হয়েছে জানিয়ে এসি তারিকুজ্জামান আরও বলেন, ‘ছোট মানুষ, একা ছেড়ে দিলে পথে কোনো সমস্যা হতে পারে। তাই মা-বাবা আসার পর বুঝিয়ে দিয়ে তাদের কাছেই হস্তান্তর করা হবে।’
পুলিশের ভাষ্য, কিশোরটি গাজীপুরে বাবা-মায়ের সঙ্গে থাকে এবং একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্যান্ট–কোট–টাই পরা কিশোরটিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার ব্যাগে কেন ইট রয়েছে জানতে চাইলে সে জানায়, বিভিন্ন জায়গা থেকে নানান জিনিস সংগ্রহ করা তার শখ। বঙ্গবন্ধুর বাড়ি থেকে একটি ইট সংগ্রহ করে রাখতেই এসেছে সে।
পরে ভিড়ের মধ্যে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ থেকে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অংশ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয়। সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে রাজধানীতে পুলিশের কঠোর সতর্ক অবস্থান চলছে।
এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর বাড়ির ধ্বংসস্তূপে এসে ‘ইট সংগ্রহে’ যাওয়া কিশোরটি পুলিশি হেফাজতে পড়ল।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪