জাহিদ হাসান, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে বড়াইগ্রাম উপজেলা ধানাইদাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কর্মসূচির আওতায় ০৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের জন্য অভিভাবকদের সন্তানদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে কমিউনিটি এবং স্কুল পর্যায়ে এ কর্মসূচি পরিচালিত হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪