নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলার হলুদবিহার এলাকায় অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম (৪০) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের জোড় পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম কোলা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকায় সরকারি খাসজমিতে কয়েকটি অসহায় পরিবার বসবাস করে। বুধবার সকালে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে রফিকুল ইসলাম অবস্থান করছিলেন। এলাকাটি জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুরুষদের উপস্থিতি ছিল না। স্থানীয় নারীরা আগুন নিয়ন্ত্রণ ও রফিকুল ইসলামকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে জীবিত বের করা সম্ভব হয়নি।

স্বজনরা জানান, প্রায় চার মাস আগে একই এলাকার একটি পুকুরে ডুবে রফিকুল ইসলামের ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকেই তাঁর মানসিক অবস্থার অবনতি হতে থাকে। গত দুই মাস ধরে আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতরে আটকে রাখতেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিল পরিবারটি। বিভিন্ন স্থানে বসবাসের পর সর্বশেষ হলুদবিহারের সরকারি খাসজমিতে আশ্রয় নেয় তারা। পরিবারের উপার্জনক্ষম সদস্য না থাকায় রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম (৫৬) ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালাতেন। একমাত্র ছেলের মৃত্যুতে তিনি শোকে ভেঙে পড়েছেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির ধূমপানের অভ্যাস ছিল। তাঁর এক হাত খোলা ছিল। ধূমপান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে ছেলের মৃত্যুতে বিলাপ করতে দেখা যায় রফিকুল ইসলামের মাকে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪