নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, একটি সরকারি সভায় ইউএনও “মিডিয়া ডাকলে শুধু টাকা চায়, তাই আমি মিডিয়া কাভারেজ নিই না” এমন বক্তব্য দিয়ে সাংবাদিক সম্প্রদায়কে অবমাননা করেছেন।
ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট বিষয়ক এক সভায়। সেখানে উপস্থিত একাধিক অংশগ্রহণকারীর দাবি, আলোচনার এক পর্যায়ে ইউএনও এই মন্তব্য করেন। পরে সভার ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে বদলগাছীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ আজ (রবিবার) ইউএনওর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি দাখিল করেন। ইউএনও ইসরাত জাহান ছনি ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি বিষয়টি ইউএনওকে অবহিত করার নিশ্চয়তা দেন।

স্মারকলিপিতে বলা হয়, বদলগাছী উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকে ইউএনওর কর্মকালে বিভিন্ন জাতীয়-আঞ্চলিক গণমাধ্যমে শতাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ এসব সংবাদ কাভারেজের জন্য কোনো সাংবাদিক কখনো তাঁর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা দাবি করেননি। তারপরও তিনি সংবাদকর্মীদের সম্পর্কে ‘অযৌক্তিক, মিথ্যা ও মর্যাদাহানিকর’ মন্তব্য করেছেন।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, “ইউএনওর বক্তব্য শুধু অসত্যই নয়, মর্যাদাহানিকর এবং পুরো সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন, এটাই আমাদের দাবি। অন্যথায়, যেসকল অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন সেসব অনুষ্ঠানের নিউজ বর্জনসহ তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ ঘটনায় উপজেলায় গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, একটি দায়িত্বশীল প্রশাসনিক পদে থাকা ব্যক্তির এমন মন্তব্য গণমাধ্যম ও প্রশাসনের সম্পর্ককে অকারণে উত্তপ্ত করে তুলেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪