নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্য ও মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।
২৮ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে উপজেলার আধাইপুর ইউনিয়নের কাষ্টডোব গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে প্রথমে পুলিশ সদস্য আবু সাঈদের বাড়িতে প্রবেশ করে চোরেরা। ঘরের আলমারি ও ট্রাঙ্ক ভেঙে মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় তারা। এরপর একই পাড়ার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়িতেও চুরি করে চোরের দল। হাঁড়ি-পাতিলসহ গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। একই রাতে মাছ ব্যবসায়ী এমদাদুল হকের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।
আবু সাঈদের মা শামীমা আক্তার বলেন, “মনে হচ্ছে চোররা প্রাচীর টপকে ভিতরে ঢুকেছে। আমরা শোবার ঘরে থাকায় কিছু টের পাইনি। সকালে দেখি অনেক জিনিস নেই।”
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, “রাতে যখন চোরেরা রাইস কুকার নিতে আসে তখন আমি টের পাই। তবে বুঝতে দিইনি। পালানোর সময় চোরের পা ধরে ফেলি, কিন্তু ঝটকা মেরে সে পালিয়ে যায়।”
মাছ ব্যবসায়ী এমদাদুল হক বলেন, “রাত তিনটার দিকে ঘুম ভেঙে দেখি মাছ চাষের বড় পাতিল, গামলা, বালতি নেই। পরে শুনলাম আশপাশের দুই বাড়িতেও একই ঘটনা ঘটেছে।”
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেলেও পুলিশি টহল কমে গেছে। এতে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, একই রাতে তিনটি চুরির খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্তে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪