নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারি শুকনা খাদ্যসহায়তার চাল পোকায় আক্রান্ত ও নষ্ট অবস্থায় বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে সরকারি সহায়তা হিসেবে তেল, হলুদ, মরিচগুঁড়া, লবণ, চিনি, মসুর ডালসহ চাল বিতরণ করা হয়। তবে অনেকেই ঘরে নিয়ে বস্তা খুলে দেখেন, চাল পোকায় আক্রান্ত, ভাঙা ও গুঁড়ো হয়ে গেছে। কোথাও কোথাও চালের মধ্যে কালচে দাগ ও হালকা দুর্গন্ধও পাওয়া যায় বলে অভিযোগ করেছেন তারা।
কয়েকজন উপকারভোগী বলেন, চাল ধোয়ার সময় পানিতে অসংখ্য পোকা ভেসে ওঠে এবং চালের গুঁড়ো হয়ে যাওয়ায় পানিও ঘোলা হয়ে যায়।
একজন উপকারভোগী ছালমা বেগম বলেন, “আমরা গরিব মানুষ, সরকারের সহায়তার দিকেই তাকিয়ে থাকি। কিন্তু যে চাল দেওয়া হয়েছে, তা খাওয়ার উপযোগী ছিল না। বাধ্য হয়ে কিছু চাল গরুকে খাওয়াতে হয়েছে।”
আরেক উপকারভোগীর স্ত্রী বলেন, “বস্তা খুলে দেখি চালের মধ্যে পোকা গিজগিজ করছে। অনেক চাল ভাঙা ছিল। বারবার ধুয়ে কয়েক দিন রোদে শুকিয়ে পরে খেতে হয়েছে। কিন্তু মান খুবই খারাপ ছিল।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাদ্যসামগ্রী বিতরণের আগে যথাযথভাবে সংরক্ষণ ও মান যাচাই করা হয়নি। দীর্ঘদিন গুদামে পড়ে থাকা বা নিম্নমানের চাল সংগ্রহের কারণেই এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ফারুক আহমেদ বলেন, “আমরা যেভাবে প্যাকেট পেয়েছি, সেভাবেই বিতরণ করেছি। ভেতরে কী ছিল, তা আমাদের জানা ছিল না। আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও পাইনি, তবে বিষয়টি শুনেছি।”
প্রতিবেদন তৈরির সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “খাদ্যসহায়তার কোনো চাল খাওয়ার অনুপযোগী হওয়ার কথা নয়। যদি এমন হয়ে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিকেরা বলছেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যসহায়তায় অনিয়ম হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক; দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪