বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ফুটন্ত গরম পানিতে ঝলসে গেছে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীর শরীর। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আমিনা নামের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী এখন তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছে। অর্থসংকটে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে তার পরিবার।
আমিনা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর (সোনাপাড়া) গ্রামের জহুরুল ইসলামের ছোট মেয়ে। কয়েক দিন আগে রান্নাঘরে রাখা ফুটন্ত গরম পানি অসাবধানতাবশত তার শরীরের ওপর পড়ে যায়। এতে বুক, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
দুর্ঘটনার পর স্বজনেরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা জানান, শরীরের বেশ কিছু অংশ গভীরভাবে পুড়ে গেছে। দ্রুত উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন বলেও জানিয়েছেন তারা।
আমিনার বাবা জহুরুল ইসলাম পেশায় একজন মোবাইল মেকানিক। তিন সন্তান নিয়ে তাঁর সংসার। সীমিত আয়ের এই পরিবারের জন্য মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে ধারদেনা করে চিকিৎসার খরচ চালাতে হচ্ছে বলে জানিয়েছে পরিবারটি।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা অব্যাহত রাখতে আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় মেয়েটির চিকিৎসা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। একদিকে সন্তানের অসহনীয় কষ্ট, অন্যদিকে চিকিৎসার ব্যয়—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আমিনার মা-বাবা।
মেয়ের চিকিৎসা চালিয়ে তাকে সুস্থ করে আবার বিদ্যালয়ে ফিরিয়ে নিতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা চেয়েছে পরিবারটি। তাদের আশা, মানুষের সম্মিলিত সহায়তায় আমিনার চিকিৎসা ব্যাহত হবে না এবং সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
সহায়তার জন্য যোগাযোগ:
বিকাশ/নগদ: ০১৭১৬৯৬৬৯০৫
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪