
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় গোসল করতে নেমে খালের পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে তাঁদের বিয়ে হয়। সুমাইয়ার বাড়ি কার্তিকাহার গ্রামে হওয়ায় কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শ্বশুরবাড়িতে আসার পর রবিবার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় তাঁর স্ত্রী সুমাইয়া খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাঁকে উদ্ধার করতে সুমাইয়াও খালে নামেন। গভীর পানির কারণে দুজনই পানিতে তলিয়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, স্থানীয়রা দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সুখের সংসারের স্বপ্ন নিয়ে মাত্র সাত মাস আগে জীবন শুরু করা এই দম্পতির এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪