বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা নাজমার একটি ছাগল চুরি হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিন ব্যক্তি একটি অটোরিকশাচালিত টমটমে ছাগলটি নিয়ে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন।
পরে বারাতৈল এলাকায় তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন টমটমটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে এলাকাবাসী তাঁদের আটক করেন। পরে ছাগল ও ব্যবহৃত টমটমসহ তিনজনকে বালুভরা ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন সাগর ইসলাম (২৪), শহীদ হোসেন (৩৮) ও জেসমিন আক্তার (২৫)। তাঁদের সবার বাড়ি নওগাঁ সদর এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে বদলগাছি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নেয়। এ সময় একটি ছাগল ও একটি অটোচার্জার টমটম জব্দ করা হয়।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪