নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্থানীয় ভূমি প্রশাসন সূত্রে জানা গেছে, নদীতে বালুর ঘাটতি ও পরিবেশগত ঝুঁকির কারণে ২০২২ সালে জেলা মাটি ও বালুমহাল লিজ প্রদান কমিটি ছোট যমুনা নদীর লিজ কার্যক্রম স্থগিত করে। এরপর থেকে নদীটি আনুষ্ঠানিকভাবে বালু উত্তোলনের জন্য বন্ধ থাকলেও বাস্তবে সেখানে অব্যাহতভাবে চলছে অবৈধ উত্তোলন।
মিঠাপুর ও মথুরাপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. রাসেল হোসেন বাদী হয়ে গত ২৯ এপ্রিল বদলগাছী থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার নালুকাবাড়ী ও মানপুর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন নদীর বিভিন্ন পয়েন্টে ট্রাক্টরের মাধ্যমে অবাধে বালু পরিবহন চলছে। নদীর তীরজুড়ে গড়ে উঠেছে বালুর বিশাল স্তুপ, যা পুরো এলাকাকে অবৈধ বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের ইজারা বা প্রশাসনিক অনুমতি ছাড়াই প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ার কারণেই এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নালুকাবাড়ী এলাকার কৃষক হানিফ অভিযোগ করে বলেন, “দেড় বছর ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে। আমরা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেদের জমি রক্ষায় বাঁশের বেড়া দিতে হয়েছে।”
এদিকে অবৈধ উত্তোলনের ফলে নদীর তীরবর্তী আশ্রয়ন প্রকল্প ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এতে শতাধিক পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে পরিবেশ ও জনজীবনের ক্ষতি রোধ করা যায়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪