নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটা নিয়ে বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিপক্ষের হামলায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতির বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার মা। এ ঘটনায় অভিযুক্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসান রমন (৪২) জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। আহত অপরজন তার মা বিউটি বেগম। গুরুতর আহত অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে একই গ্রামের মিজানুর রহমানের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হাসানের বাম হাতে কোপ দিলে তার কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে পড়ে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা বিউটি বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর আহতের বাবা ও মামলার বাদী দুদু মিয়া অভিযোগ করেন, তুচ্ছ একটি আইল কাটার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের হাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, প্রকাশ্যে এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যদিকে অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে হাসান রমনসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালান। ধস্তাধস্তির সময় হাতে থাকা ঘাস কাটার হাসুয়া থেকে অসাবধানতাবশত ওই আঘাত লাগে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪