নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি আমবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩-৪ জন আহত হয়েছেন এবং ট্রাকে থাকা প্রায় ৫৫০ ক্যারেট আম পানিতে নষ্ট হওয়ায় প্রায় ১৮ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার থেকে ঢাকামুখী একটি আমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৩০০১) বিষ্ণুপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯৪৯০) তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে প্রথম ট্রাকটি সড়কের উত্তর পাশে ছিটকে যায়। ঠিক তখনই একই দিক থেকে আসা আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৬৬০৪) সজোরে ধাক্কা দিলে আমবোঝাই ট্রাকটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতবাড়ির দেয়ালে ধাক্কা লাগে, এতে দেয়ালটিও ভেঙে পড়ে।

দুর্ঘটনায় আমবোঝাই ট্রাকের চালক মো. শরিফ উদ্দিন (৩৬) ও অন্যান্য দুই ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ৩-৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আম ব্যবসায়ী পলাশ ও মাহবুব জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকে ১৫ জন ব্যবসায়ীর প্রায় ৫৫০ ক্যারেট আম ছিল। ট্রাকটি দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় সব আম নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ বিধ্বস্ত যানবাহন সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪