
বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে জমি বিরোধের সালিসে নির্ধারিত ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে।
অভিযোগকারী তাহমিনা বেগমের দাবি, তাঁর স্বামী নুর ইসলামকে জমির অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৯ আগস্ট ইউনিয়ন পরিষদে টাকা দেওয়ার পরদিন চেয়ারম্যান তাঁদের হাতে ১ লাখ টাকা দেন এবং বাকি ৫০ হাজার টাকা রেখে দেন। চেয়ারম্যান বলেন, ‘আমরা খেটেছি, আমরা খাব না?’
তাহমিনা জানান, সালিসের আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ১৫ হাজার টাকা ব্যয় ও বকশিশ দেওয়ার কথা ছিল। তবে বাকি ৫০ হাজার টাকার বিষয়ে কোনো হিসাব দেওয়া হয়নি বলে দাবি তাঁর।
এদিকে সালিসের আগে ইউপি সদস্য মাহাতাব আলী প্রামাণিকের বিরুদ্ধে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। তাঁর দাবি, টাকা লেনদেনের সময় তিনি উপস্থিত ছিলেন না এবং তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো কথাও হয়নি।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান পল্টনের বিরুদ্ধে এর আগেও সালিস, বাল্যবিবাহ ও পারিবারিক বিরোধ মীমাংসায় অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও টাকা ফেরতের দাবিতে আগামী শুক্রবার বৈকুণ্ঠপুর হাটখোলা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।
চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টন অভিযোগগুলো ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। গ্রাম আদালতে “খাটুনির নামে” মজুরি নেওয়ার কোনো বিধান নেই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪