নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের এক জননী। দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার চকমথুর গ্রামে রোববার রাত থেকে ওই নারী অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি ইউসুফ আলী (৫৫) পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের দিলবর হাজীর ছেলে। ওই নারীর নাম আকলিমা পারভীন (৩৮)। তিনি একই গ্রামের আফাজ আলীর মেয়ে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আকলিমা পারভীনের স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন। কয়েক বছর আগে ইউসুফ আলীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইউসুফ তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। বর্তমানে তিনি এক মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেন।
আকলিমা পারভীন বলেন, সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর তার স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে উপায়ান্তর না দেখে রোববার রাত আটটার দিকে ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় ইউসুফের প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে বাক্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। পরে ইউসুফ আলী সেখান থেকে চলে যান।
ভুক্তভোগীর ভাষ্য, “বিয়ের আশ্বাস দিয়ে আমাকে ব্যবহার করা হয়েছে। এখন আমাকে গ্রহণ না করলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই।” দাবি আদায় না হলে তিনি ওই বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও জানান।
তবে অভিযোগের বিষয়ে ইউসুফ আলীর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রূহুল আমিন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪