নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের বিআরডিবি অফিসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আদিবাসী সম্প্রদায়ের বিয়ে বাড়ির অতিথিদের বহনকারী বাসটি জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে চালক অতিরিক্ত চোলাই মদ পান করার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অধিকাংশের আঘাত সামান্য হলেও কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। তবে বিয়ের বরসহ কয়েকজন স্বজন আলাদা মাইক্রোবাসে থাকায় তারা দুর্ঘটনায় পড়েননি।
ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে কি না এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কোনো মন্তব্য দিতে পারেনি। দুর্ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্থানীয় দায়িত্বশীল সূত্র।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪