বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় একই রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম সাজুকেও আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বদলগাছী থানার কাছাকাছি ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল বের করেন। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনার কথাও বলা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর রোববার রাতে পুরোনো ব্রিজ এলাকায় এমরান হোসেন (২১) ও আরিফ হোসেন (২০) নামে দুই তরুণকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের আটক করে মারধর করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক দুজনের মধ্যে এমরান হোসেন উপজেলার পিন্ডিরা গ্রামের রফিকুল ইসলাম অ্যামা এর ছেলে। সে তার মায়ের সাথে হঠাৎপাড়া এলাকায় থাকেন এবং আরিফ হোসেন জিধিরপুর গ্রামের রাজমিস্ত্রী আনোয়ার হোসেনের ছেলে।
মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ‘ইমরান ও আরিফ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে আসছিলেন। শুক্রবারের মিছিলের ভিডিও তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেছিলেন। এ কারণে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।’
বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধার করা ইমরান ও আরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই রাতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা মনিরুল ইসলাম সাজুকেও আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪