নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের পিয়নকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়িস্থ বেগুনজোয়ার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক দিন আগে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেন বিদ্যালয়ের পিয়ন মো. সৈকত হোসেন। পরে আরও কয়েকজন ছাত্রীর সঙ্গেও তিনি একই ধরণের আচরণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে বুধবার বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে মারধর করে স্কুলে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান। তাঁরা শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ওসি মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, এবিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
অভিভাবকেরা জানান, একই প্রতিষ্ঠানে বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ ওঠায় তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁদের দাবি, বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় বাসিন্দারাও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছিল। সে সময় তদন্তের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪