
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও ৮ বছরের আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আব্দুস সাত্তার (৬০)। তিনি ওই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুরে শিশুটির মা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। বাবা কাজের প্রয়োজনে ছিলেন জয়পুরহাটে। এই সুযোগে প্রতিবেশী আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু ও তার খেলার সঙ্গীকে (৮) নিজের পরিত্যক্ত একটি মাটির ঘরে নিয়ে যান। সেখানে বড় শিশুটিকে ধর্ষণ এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। বিষয়টি কাউকে না জানাতে শিশুদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভয়ে শিশুরা প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। তবে পরদিন থেকেই বড় শিশুটি তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। গতকাল শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ঘটনার বিবরণ দেয়। পরে অপর শিশুটিও পরিবারের কাছে একই ঘটনার কথা স্বীকার করে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, "বিবাদী আমার প্রতিবেশী মামা হন। ভালো সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার মেয়ের সর্বনাশ করেছেন। আমার মেয়ে ব্যথায় কাতরাচ্ছে। আমি এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
অভিযুক্তের পরিবারের দাবি, জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর শাস্তি দাবি করছি।
জানতে চাইলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪