নিজস্ব প্রতিনিধিঃ
‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রানা পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রণোদনা কৃষকদের জন্য সরকার বিনামূল্যে দিয়েছে। কেউ যেন এটি বিক্রি বা ক্রয় না করেন। আইনভঙ্গের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ১ হাজার কৃষক-কৃষাণীকে সরিষা বীজ ও সার দেওয়া হয়েছে।
প্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি পটাশ (এমওপি) ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪