নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি'র ‘“মিডিয়া ডাকলে শুধু টাকা চায়; এজন্য আমি মিডিয়া কাভারেজ নিই না।" এমন মিথ্যা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। ইউএনও তাঁর দেওয়া মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝিজনিত’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করায় সাংবাদিকরা ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন।
গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে কাব ও স্কাউট দলের এক সভায় দেওয়া ইউএনওর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে ইউএনও বলেন, “আমি মিডিয়া কাভারেজ নিই না, কারণ হচ্ছে মিডিয়া আনতে হলে টাকা চায়” এমন মন্তব্য উঠে এলে বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ জানান এবং মানববন্ধনসহ ইউএনও’র ইসরাত জাহান ছনি’র অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টায় বদলগাছী সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে উপজেলা পরিষদসংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ থেকে বিভিন্নভাবে সুবিধাভোগী কয়েকজন সাংবাদিক ছাড়া মানববন্ধনে উপজেলার সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের শেষ পর্যায়ে উপজেলার কয়েকজন কর্মকর্তা মানববন্ধনস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে ইউএনও কথা বলবেন বলে তাঁর দপ্তরে বসে সমস্যা সমাধানের অনুরোধ করেন। তাঁদের অনুরোধে এবং মধ্যস্থতায় ইউএনও ইসরাত জাহান ছনি'র দপ্তরে এক বৈঠকে উপস্থিত সকলের সামনে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন। ইসরাত জাহান ছনি ভিডিওতে প্রকাশিত বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা ও অনভিপ্রেত’ উল্লেখ করে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন এবং গণমাধ্যমকর্মীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে সকল কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তাঁর দুঃখপ্রকাশে সাংবাদিকগণ ঘোষণা করা সকল কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
বিগত ঘটনার পটভূমি ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও ইসরাত জাহান ছনি সাংবাদিকদের নিরাপদ পেশাদারিত্ব নিশ্চিত করার আশ্বাসসহ ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সদর ইউনিয়নের প্রশাসক মো. ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সাংবাদিকরা।
সাংবাদিকগণ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪