নিজস্ব প্রতিবেদক
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসে দায়িত্ব পালনে অবহেলা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পেশাদার আচরণের ঘাটতির অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার (২২ জুন) সকালে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা এমন চিত্র দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলমকে তার কর্মস্থলে পাওয়া যায়নি। পরে অফিসে দায়িত্বরত আনসার সদস্যের মাধ্যমে খবর দেওয়া হলে তিনি কিছু সময় পর অফিসে উপস্থিত হন। এ সময় তিনি গেঞ্জি ও লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন। মাহাবুব আলম ওই আবহাওয়া পর্যবেক্ষণাগারে উচ্চ পর্যবেক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, অফিসের পাশের একটি কক্ষে আলুর বস্তা ও পচা আলুর স্তুপ পড়ে রয়েছে। এছাড়া টেবিলের ওপর সিগারেট ও লাইটারও দেখা যায়। সরকারি দপ্তরের ভেতরে এমন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে কর্মকর্তা মাহাবুব আলম বলেন, “ওটি স্টোররুম। সেখানে আমাদের নিজস্ব চাষ করা আলু রাখা হয়েছে।” পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ার বিষয়ে তিনি বলেন, “আগামীকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।”

অভিযোগ রয়েছে, সরকারি অফিসে দায়িত্ব পালনের সময় শোভন পোশাক পরিধান না করার বিষয়েও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পাশাপাশি তথ্য সংগ্রহের সময় ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও ওঠে।
স্থানীয় বাসিন্দা শুভ হোসেন বলেন, “সরকারি অফিস জনগণের সেবার জায়গা। সেখানে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪