নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি দলের অন্তত ১২ জন হেভিওয়েট নেতার। সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩২ আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, দলের প্রভাবশালী ও আলোচিত বেশ কয়েকজন নেতা এবার বাদ পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বরিশাল–২ আসনের সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম–৪ আসনের আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলার সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহতথ্য সম্পাদক ও বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীর নামও প্রার্থী তালিকায় নেই।
মনোনয়ন তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের নাম। বাদ পড়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরও।
দলটির ভাইস চেয়ারম্যান ও দুইবারের সাবেক সাংসদ শামসুজ্জামান দুদুর নামও প্রার্থী তালিকায় নেই। তাঁর আসন চুয়াডাঙ্গা–১ থেকে এবার ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. শরীফুজ্জামান।
বিএনপি সূত্র জানায়, এবার প্রার্থী বাছাইয়ে দল তরুণ ও নতুন মুখকে অগ্রাধিকার দিয়েছে। সেই সঙ্গে আগে থেকেই ‘এক পরিবারে একজন প্রার্থী’ নীতি অনুসরণ করার সিদ্ধান্ত ছিল। ফলে সিনিয়র নেতাদের পরিবারের কয়েকজনও বাদ গেছেন সম্ভাব্য তালিকা থেকে।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মাগুরার একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে তাঁর নামও চূড়ান্ত তালিকায় দেখা যায়নি।
বিএনপি এখন পর্যন্ত ২৩২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলোতে শরিক দল ও জোটের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন নতুন ও স্থানীয় পর্যায়ে সক্রিয় নেতা অন্তর্ভুক্ত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪