বিশেষ প্রতিনিধি,
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখলে থাকা কৃষি জমিতে জোরপূর্বক হালচাষ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের তীর ইউনিয়ন বিএনপির এক নেতাসহ কয়েকজনের দিকে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, লিজের মেয়াদ শেষ হওয়ায় নতুন লিজ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ যেন জমিতে আবাদ করতে না পারে, সে উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) দুপুরে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজার কয়েকটি কৃষি জমিতে একটি ট্রাক্টর নিয়ে প্রবেশ করে হালচাষ শুরু করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, ঢেকরা গ্রামের হামিদুল ইসলাম, বারাতৈল গ্রামের আজিজুল ইসলাম ও প্রধানকুন্ডি গ্রামের আজাদ হোসেনের নাম উল্লেখ করেছেন অভিযোগকারীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, জাহাঙ্গীর, রিক্তা বেওয়া, রিপা বেগম ও মেহেদী হাসান রাজার দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক হালচাষ করা হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা ট্রাক্টর রেখে সেখান থেকে চলে যান।
ভুক্তভোগীদের দাবি, তারা প্রায় ১২ বছর ধরে সরকারি ভূমি অফিসের মাধ্যমে বৈধভাবে লিজ নিয়ে জমিগুলো চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল জমিগুলো দখলের উদ্দেশ্যে নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের।
মেহেদী হাসান রাজা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম অনুযায়ী লিজ নিয়ে জমি চাষাবাদ করে আসছি। হঠাৎ একটি পক্ষ দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
বিধবা রিক্তা বেওয়া বলেন, “স্বামীর মৃত্যুর পর এই জমিটুকুই আমার একমাত্র সম্বল। ভূমি অফিস থেকে লিজ নিয়ে আমি শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছি। এখন যদি জোরপূর্বক জমি দখল করা হয়, তাহলে আমার জীবিকা হুমকির মুখে পড়বে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা করে আসছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন বলেন, “যারা এতদিন জমি ভোগদখল করছিলেন, তাদের লিজের মেয়াদ গত বৈশাখে শেষ হয়েছে। আমাদের পক্ষ থেকেও নতুন লিজের জন্য আবেদন করা হয়েছে। নতুন লিজ প্রদান না হওয়া সত্ত্বেও আগের লিজগ্রহীতারা জমিতে ধান রোপণ করছেন। তাই কয়েকজন সেখানে গিয়ে কিছু জমিতে হালচাষ করেছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।”
এ বিষয়ে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল ইমরান হোসেন বলেন, “জমিগুলোর লিজের মেয়াদ শেষ হয়েছে। উভয় পক্ষই নতুন লিজের জন্য আবেদন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে নতুন লিজ প্রদান করবেন। নতুন লিজ না হওয়া পর্যন্ত উভয় পক্ষের আবাদ বন্ধ রাখার উদ্দেশ্যেই কয়েকজন সেখানে গিয়েছিল বলে জেনেছি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪