নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়া ৪০১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বদলগাছী জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক সাংবাদিক হাফিজার রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দ্বীবগঞ্জ জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক সাংবাদিক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম।
বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ও মেধাভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের মূল্যায়ন পরীক্ষা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পরীক্ষা শেষে মেধাক্রম ও ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ১৯টি কিন্ডারগার্টেনের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কাঙ্ক্ষিত স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মেধা মূল্যায়ন কার্যক্রম উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে এবং তাদের শিক্ষাজীবনের ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪