কিশোরগঞ্জ প্রতিনিধি
টাকার অভাবে বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছিলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। সেই যুবক সারোয়ার হোসেনের (২৭) এখন পূরণ হতে যাচ্ছে বিদেশ যাওয়ার স্বপ্ন। তাঁর পাশে দাঁড়িয়েছে প্রবাসীকল্যাণ ব্যাংক।
গত ১৬ অক্টোবর হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন সারোয়ার। ভিসা হাতে পেলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তাঁর বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
সারোয়ারের ধারণা ছিল, এলাকাবাসীর অসহযোগিতার কারণেই ব্যাংক তাঁকে ঋণ দেয়নি। সেই হতাশা থেকেই ৫০০ টাকা খরচ করে মাইক ভাড়া নিয়ে তিনি এলাকাবাসীর উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রবাসীকল্যাণ ব্যাংকের। যাচাই-বাছাই শেষে ব্যাংকটি সারোয়ারকে দুই লাখ টাকার ঋণ দিয়েছে।
প্রবাসীকল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখার মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন,
“বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই শেষে সারোয়ারকে দুই লাখ টাকার ঋণ দেওয়া হয়। দুই মাস পর থেকে তিনি কিস্তিতে ঋণ পরিশোধ করবেন।”
ঋণ পাওয়ার পর সারোয়ার এখন নতুন উদ্দীপনায় দিন পার করছেন। তিনি বলেন,
“রাগে-হতাশায় যা বলেছিলাম, সেটা আসলে কষ্ট থেকে বলা। আমি সবার কাছে দুঃখিত। গণমাধ্যম আমার খবর প্রকাশ করেছিল বলেই আজ আমার জীবনে নতুন সুযোগ এসেছে। টিকিট করেছি, ৩০ অক্টোবর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।”
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সারোয়ারের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করা। প্রবাসীকল্যাণ ব্যাংকের সহযোগিতায় তাঁর সেই স্বপ্ন এখন পূরণের পথে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪