
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের প্রলোভনে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের অভিযোগ তুলে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের বাসিন্দা মোছা. আকলিমা (৩৬) একই গ্রামের প্রতিবেশী মো. ইউসুফ আলী (৫৫) এর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। পরে বিয়ের কথা বললে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে আকলিমা ছাগলের জন্য ঘাস কাটতে চকমথুর মাঠে গেলে ইউসুফ আলী তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একটি পাটখেতে নিয়ে যান। এ সময় স্থানীয় কয়েকজন তাঁদের দেখতে পান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করেন। তবে ভুক্তভোগী নারী বিয়ের কথা বললে তিনি অস্বীকৃতি জানিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, পরে তিনি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে দুই দিন অবস্থান করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে চলে যান। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নম্বর- ২, তারিখ ২ জুন ২০২৬।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪