মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৎ যুবক। ডাচ-বাংলা ব্যাংকের ভূরুঙ্গামারী জামতলা মোড়ের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড মোঃ মজনু মিয়া পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মজনু মিয়া ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের বাসিন্দা। তিনি সহজ-সরল এক কৃষক পরিবারের সন্তান মোঃ শাহজালালের ছেলে। এইচএসসি পাস করে পড়াশোনার পাশাপাশি তিনি ডাচ-বাংলা ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। পরিবারের বড় ছেলে হিসেবে ছোট ভাইকে বিদেশে পাঠানোর দায়িত্বও তিনি পালন করেছেন।
মজনু জানান, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিউটির সময় জামতলা মোড়ের পাশে ড্রেনের কাছে রাবার দিয়ে বাধা অবস্থায় টাকা ও কিছু কাগজপত্র দেখতে পেয়ে কুড়িয়ে নেন। কাউকে কিছু না বলে চুপ থাকেন প্রকৃত মালিকের জন্য। অনেক অপেক্ষা করার পর রাত ৯ টার দিকে এক বৃদ্ধ লোককে উদ্বিগ্নভাবে কিছু খুঁজতে দেখে তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন কী হয়েছে। বৃদ্ধ জানান, তিনি কাঠ ব্যবসার টাকা (৫০,০০০ টাকা) হারিয়েছেন। নাম সাইফুর, বাড়ি থানাঘাটে।
মজনু পরে উপস্থিত লোকজনের মাধ্যমে তথ্য যাচাই করে প্রকৃত মালিক নিশ্চিত হন এবং তার হাতে টাকা ও কাগজপত্র হস্তান্তর করেন। টাকা ফেরত পেয়ে ওই বৃদ্ধ ব্যক্তি আনন্দে অভিভূত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মজনু বলেন, “আমি যদি চুপ না থেকে কাউকে কিছু বলতাম, তবে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া কঠিন হতো। প্রকৃত মালিক খোজ পেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যই টাকাটা ফেরত দিয়েছি।” তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে সৎ পথে রাখেন।
স্থানীয়রা বলেন, “এমন সততা আজকের দিনে বিরল। মজনুর এই কাজ ভূরুঙ্গামারীর তরুণ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
সততা ও নৈতিকতার এই গল্প এখন ভূরুঙ্গামারীবাসীর মুখে মুখে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪