মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে মাত্র ৭ দিন বয়সী নবজাতক সন্তানকে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে শিশুটির বাবা নূর মোহাম্মদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে নাগেশ্বরী উপজেলার চরুয়াটারি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ তার স্ত্রীর অজান্তে ৭ দিন বয়সী শিশুকে ঘর থেকে নিয়ে ভূরুঙ্গামারীতে তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমাউল হুসনার কাছে দিয়ে আসেন। তবে আসমাউল হুসনা গণমাধ্যমে দাবি করেন, শিশুটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং কেউ তাকে এমন কোনো শিশু দেয়নি।
শিশুটির মা জাহানারা বেগম জানান, গত ২৩ মে শুক্রবার ভোরে বাথরুমে যাওয়ার সময় সন্তানকে স্বামীর কাছে রেখে যান। ফিরে এসে দেখেন, নবজাতক সন্তানসহ স্বামী গায়েব। তিনি বলেন, “সন্তানের খোঁজ করতে গিয়ে আমি পাগলের মতো হয়ে পড়ি। পরে ফেসবুকে একটি শিশুর ছবি দেখে বুঝতে পারি ওটাই আমার সন্তান। রাতেই ছুটে যাই ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়েও শিশুটিকে ফেরত পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার সন্তানকে যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয়।”
এ বিষয়ে নূর মোহাম্মদ বলেন, “আমি আমার সাবেক স্ত্রী আসমাউল হুসনার কাছে শিশুটিকে দিয়ে এসেছি। তারই জিম্মায় আছে সে।”
ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান জানান, “শিশুটির তথ্য পাওয়ার পর রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তদন্ত সাপেক্ষে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪