
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মভিটা চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে পড়েছে। সাপ-বিচ্ছু আর ঝোপঝাড়ে ভরা বাড়িটিতে দরজা-জানালাসহ অধিকাংশ আসবাব আগেই চুরি হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও জাতির শ্রেষ্ঠ এই সন্তানের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জন্মভিটায় যাওয়ার একমাত্র সড়কটিও এখনো পাকা হয়নি। মধুমতি নদীর ভাঙনে প্রতিবছর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বীরশ্রেষ্ঠের নামে নির্মিত জাদুঘর ও গ্রন্থাগার থাকলেও সেখানে রয়েছে মাত্র কয়েকটি স্মারক। জন্মভিটা ও স্মৃতিসৌধের এই বেহাল দশা দেখে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।
বীরশ্রেষ্ঠের বড় বোন জোহরা বেগম বলেন, “এটি যে একজন বীরশ্রেষ্ঠের বাড়ি, তা দেখলে বোঝার উপায় নেই। কেউ আমাদের খোঁজ নেয় না।”
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান, তিনি সদ্য যোগদান করেছেন। বীরশ্রেষ্ঠের জন্মভিটা ও গ্রন্থাগারের উন্নয়নে কী করা যায়, তা খতিয়ে দেখা হবে।
এদিকে এলাকাবাসী ও মুক্তিযুদ্ধপ্রেমীরা অবিলম্বে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মভিটা সংরক্ষণ, যাদুঘর সমৃদ্ধকরণ এবং যোগাযোগ সড়ক পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪