নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার প্রজেক্টর ও কম্পিউটারের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করা অত্যন্ত জরুরি।
তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসকারী ব্যাধি। এ থেকে দূরে থাকতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সামাজিক অপরাধ নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে হবে।
সাইবার ক্রাইম বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ সেলিনা পারভীন। তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের প্রাপ্ত দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
এ সময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর ও বদলগাছী থানার অফিসার ইনচার্জসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪