রফিকুল ইসলাম, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে “পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে” প্রতিপাদ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জীবননগর থানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ অংশগ্রহণ করে। খেলায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রধান অতিথি ছিলেন এবং অংশগ্রহণ করেন।
খেলায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ, পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমানসহ জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন অংশগ্রহণ করেন।
উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ের খেলা শেষে জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা-পুলিশ একাদশ ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি শেষ করে।
খেলায় প্রধান অতিথি চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।”
প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪