মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় একটি অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালানো হয়। এ সময় প্রচারণার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশার পেছনে মাইক লাগানো রয়েছে। অটোরিকশায় চালক ছাড়াও পেছনের আসনে দুজন বসে আছেন। তাঁদের একজন মাইকে বক্তব্য দিচ্ছেন। প্রচারণায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দাবি করা হয়। একই সঙ্গে দল-মতনির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাইকিংয়ের ভিডিওটি বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের নজরে আসে। পরে মান্দা থানা-পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করে।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, কাঁশোপাড়া ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা আসলাম হোসেনসহ কয়েকজন রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় একটি খোলা মাঠের সড়কে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালান। পরে তাঁরা সেই প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের আব্দুল জলিল সরকারকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাইকিংয়ের বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় প্রচারণায় ব্যবহৃত অটোরিকশায় থাকা রেকর্ডিং সরঞ্জামও জব্দ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। প্রচারণার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪