বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা নেওয়ার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী মিলটন এ অভিযোগ করেন।
ভুক্তভোগী রুস্তম আলীর দাবি, গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরদিন সকালে তিনি থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত দুই ব্যক্তির নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগ দেওয়ার পরদিন, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি থানায় গেলে ওসি মো. মোস্তাফিজুর রহমান তার কাছে মামলা রুজু ও আসামি গ্রেফতারের শর্তে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন রুস্তম আলী।
তিনি আরও জানান, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। বিষয়টি নিয়ে তিনি নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঘুষ চাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এদিকে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪