নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে সন্তানদের অবহেলার অভিযোগে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তার যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার। মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হবে।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রয়োজনে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ এর আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।
ঘটনার সূত্রপাত গত ৩১ মে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর পুলিশ রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিনের পুরোনো ছিল এবং পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
নুরজাহান বেগমের মৃত্যুর পর স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের সন্তানরা সবাই উচ্চশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত। তাঁর ৩ ছেলে ও ১ মেয়ে । বড় ছেলে আনিসুর রহমান খুলনা সমুদ্র বন্দরের যুগ্ম সচিব, মেঝো ছেলে আশিকুর রহমান বুয়েটের শিক্ষক ও ছোট ছেলে আতিকুর রহমান কানাডা প্রবাসি। তাঁর মেয়ের নাম ফাতিমা নাসরিন সুলতানা। ফাতিমার স্বামী গোলাম সাকলাইন সাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ছিলেন। ৫ বছর আগে তার স্বামী মারা গেলে তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে বৃদ্ধা মায়ের দেখভাল ও ভরণপোষণে সন্তানদের অবহেলার অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন নয়, পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেও প্রবীণ বাবা-মায়ের যত্ন নিশ্চিত করা জরুরি। এ ঘটনায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪