বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গোধইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
নিহত গৌড় চন্দ্র উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা রমনী চন্দ্রের ছেলে। আটক ব্যক্তিরা হলেন বালুভরা ইউনিয়নের গোধইল গ্রামের তশুরামের মেয়ে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় থেকে সাত বছর আগে গৌড় চন্দ্র তাঁর মেয়ে রাখি রানীর বিয়ে একই উপজেলার গোধইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে দেন। বিয়ের পর থেকে রাখি শ্বশুরবাড়িতে থাকলেও তাঁর স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে নির্যাতন করে আসছিলেন।
বুধবার রাখি রানীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত ঘরে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌড় চন্দ্র তাঁর ছেলে পলাশ (২৮) ও কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান।
সেখানে বিরোধ মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির সদস্যরা গৌড় চন্দ্রসহ তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় গৌড় চন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় গৌড় চন্দ্রকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর ছেলে পলাশও আহত হয়েছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, পারিবারিক বিরোধ মীমাংসার সময় সংঘর্ষের ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪