নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে নাজমুল ও রাসেল সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে নিজেদের আরও ৪ লাখ টাকা যোগ করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবাদপুকুরের উদ্দেশে রওনা হন তারা।
পথিমধ্যে পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে দুই ব্যাংক কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।
একপর্যায়ে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪