নিজস্ব প্রতিবেদক,
লালমনিরহাটে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের রথযাত্রা মহোৎসবে ছদ্মবেশে প্রবেশ করে চুরির চেষ্টা চালানোর সময় নারী চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার রাধা গিরিধারী ইসকন মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক নারীরা শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধরে ধর্মীয় উৎসবে অংশ নেন। পরে ভিড়ের মধ্যে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। আচরণে অসংগতি দেখে ভক্তদের সন্দেহ হয়। পরে তাদের ঘিরে ধরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আটক পাঁচ নারী হলেন– লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী খাতুন এবং রেজিনা খাতুন। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কলতাপাড়া এলাকায়।
ইসকন মন্দির পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, “ধর্মীয় অনুষ্ঠানে এমন অসভ্য ও অপরাধপ্রবণ কাজ সত্যিই লজ্জাজনক। পুলিশের প্রতি কৃতজ্ঞ, দ্রুত পদক্ষেপ নেওয়ায়।”
লালমনিরহাট থানা পুলিশ জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির চেষ্টা সংক্রান্ত অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম হয় ইসকন মন্দিরে। সেই সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ নারী চোরচক্র এমন অপতৎপরতা চালায় বলে ধারণা পুলিশের।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪