পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ‘হেয়ার স্টাইল’ বাধ্যতামূলক করে নোটিশ জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী নির্ধারিত চুলের কাটিং অনুসরণ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এ নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ স্কুলের দেয়ালে টাঙানো হলে তা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নির্দিষ্ট মডেলের মতো চুল কাটিয়ে বিদ্যালয়ে আসতে হবে। সংযুক্ত ছবিতে ছোট করে কাটা একটি চুলের স্টাইল দেখানো হয়েছে, যা অনেকটা ‘আর্মি কাট’-এর মতো। পাশাপাশি নিয়মিত নখ কাটা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে হবে। নোটিশে দাবি করা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ এটিকে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখলেও অন্যরা শিক্ষার্থীদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন বলেন, শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি কোনো চাপ নয় বরং নিয়মিত শৃঙ্খলা ব্যবস্থার অংশ।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক প্রভাব নিয়েও প্রশ্ন তুলছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪