গ.স নিউজ ডেস্ক,
আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত জানায়, বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা আদালতে আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলে সেদিন থেকেই সাজা কার্যকর হবে।
এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তির রায় দিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় এলো।
মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আসামিদের পক্ষে শুনানি করেন, আর অ্যামিকাস কিউরি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা।
মামলার পটভূমিতে জানা যায়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, “২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি”—এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
গত ২৫ মে হাজিরা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্ত দুইজন ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। এরপর তাদের সশরীরে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে ডাকা হয়।
এরপরও তারা হাজির না হওয়ায় আদালত অবশেষে এই রায় ঘোষণা করে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪