নিজস্ব প্রতিবেদক,
শেরপুর ও বগুড়ার সাম্প্রতিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, এসব এলাকায় অনুষ্ঠিত ভোটগ্রহণ আওয়ামী লীগ সরকারের সময়কার নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, শেরপুর ও বগুড়ায় ব্যাপক অনিয়মের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, “আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। অবিলম্বে এই দুই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”
নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতীত ও বর্তমান- উভয় সময়ের নির্বাচন নিয়েই প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্য নেতারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪