নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে তাঁকে স্পিকার নির্বাচিত করা হয়।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন অস্থায়ী সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবের পক্ষে সমর্থন জানান বিএনপির সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে তাঁর নামই প্রস্তাব করা হয়। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে তাঁকে স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এবারই প্রথম নতুন সংসদের অধিবেশন স্পিকার ছাড়া শুরু হয়।
অধিবেশনের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর।
হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাব লাভ করেন। তিনি বিএনপি সরকারের সময় পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। একসময় তিনি দেশের ফুটবল অঙ্গনের পরিচিত খেলোয়াড়ও ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪