ঢাকা প্রতিনিধি
রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে তাঁরা কারাভোগ শেষ করেছেন।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। তাঁদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদসংলগ্ন গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে আসে। এরপর কলেজ কর্তৃপক্ষ তাঁদের কাফরুল থানায় সোপর্দ করে।
পরদিন ২৩ এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সমকামিতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোনে বিভিন্ন সমকামী গ্রুপে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে। কয়েকটি মোবাইল ডিভাইসে হোস্টেলের শিক্ষার্থীদের অর্ধনগ্ন ছবি সংরক্ষণ ও শেয়ার করার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
ওই শিক্ষক আরও দাবি করেন, আটক ব্যক্তিদের একজন এইডসে আক্রান্ত এবং অতীতে একই ধরনের অভিযোগে অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে এসেছে বলেও জানান তিনি।
কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে জরুরি সভায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাঁদের ছাত্রত্ব আপাতত বহাল রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪